রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ দুপুর
মমিনুল ইসলাম রিপন: রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের দায়িত্ব নেয়। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। মাইকে এমন ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে তাঁদের পিছু নেন ধাওয়াকারীরা। একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেলের মধ্যে তাঁদের আটক করা হয়। পরে সেখানে স্থানীয় লোকজন তাঁদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহের দায়িত্ব গ্রহণ করে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয়, বয়স ও বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।