মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দোয়ারাবাজারের মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অপরাজেয় বাংলাদেশ-এর স্পেস টু লিড প্রকল্পের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। এ সময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন,মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণি মালা দাস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ট্রেইনার নুরুল আমিন, সাংবাদিক মোঃ মাসুদ রানা সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ এবং কন্যাশিশুর শিক্ষা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের কুফল ও কন্যাশিশুর সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অপরাজেয় বাংলাদেশ-এর দোয়ারাবাজার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন।
নিউজটি শেয়ার করুনঃ
