ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি এলাকায় এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুদামের তালা ভেঙে চুরির সময় মালামালসহ মো. মাসুদ রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে তাঁকে আটক করে মারধর করেন স্থানীয় লোকজন।
আজ শনিবার তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই মনিরুজ্জামান।
গ্রেপ্তার মাসুদ রানা ঠাকুরগাঁও পৌরসভার বালুরচর মুন্সিপাড়া (বেলতলা) এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে শহরের ৮ নম্বর ওয়ার্ডের আর্ট গ্যালারি মোড়ে অবস্থিত ‘চাঁদনী গ্লাস হাউস অ্যান্ড পর্দা’ নামক দোকানের গুদামে এ চুরির ঘটনা ঘটে। তখন মালামাল ও বাইসাইকেলসহ মো. মাসুদ রানাকে আটক করে জনতা গণধোলাই দেয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দামি কমফোর্টার, দুটি বালিশ ও একটি হিরো বাইসাইকেল উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির কথা স্বীকার করেছেন।
