চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সরকারি সার জব্দ করেছে কৃষি বিভাগ।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে ওই অভিযান চালানো হয়। এসময় গোডাউনটি সিলগালা করা হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, দামুড়হুদা এলাকার বাসিন্দা নাঈম উদ্দীন নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের স্বত্বাধিকারী এবং বিএডিসি সারের ডিলার। অবৈধভাবে সার মজুতের গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত রাখা ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যদিও তিনি চলতি মাসে সরকারি হিসাবে বরাদ্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে বলে কাগজপত্রে দেখিয়েছেন।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। পরে তার নির্দেশে জব্দকৃত সারসহ গোডাউনটি সিলগালা করা হয়। সার ডিলার নাঈম উদ্দীনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।
