আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার শিকার বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। এটি ছিল স্কুলশিক্ষার্থীদের একটি শিক্ষা সফরের বাস। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে একটি গভীর গিরিখাতে পড়ে যায়।
বাসটির চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি প্রতিবছর নিজ খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে উপহার হিসেবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারের সফরও তাঁর উদ্যোগেই আয়োজন করা হয়েছিল।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালান। দুর্গম ও পাথুরে উপত্যকায় পড়ে যাওয়া বাসটির ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে তারা কাজ করেন।
রোববার ভোরে নিহত সাতজনকে দাফন করা হয়েছে। দেশটির রেড ক্রসের (RCV) তথ্য অনুযায়ী, নিহত অন্যদেরও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল।
কেপ ভার্দেতে এ ধরনের সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়কব্যবস্থা ভালো এবং যানবাহনের রক্ষণাবেক্ষণও সাধারণত উন্নত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
