যে ভুলটি আমাদের চোখে ধরা পড়ে না
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত
-->আপনার সবচেয়ে সুন্দর আমলটি কি শুধু আল্লাহর জন্য? নাকি মনের কোণে একটু আশা থাকে, কেউ দেখুক, প্রশংসা করুক? সুরা কাহফের শেষ আয়াতটি ঠিক এই সূক্ষ্ম প্রশ্নের জবাব দেয়।
আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং ইবাদতে কাউকে শরিক না করে। অর্থাৎ আমল কবুলের দুটি শর্ত আছে: কাজটি সৎ হতে হবে, আর নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর জন্য।
আয়াত নাজিলের কারণ
সুরা কাহফ মক্কায় অবতীর্ণ। তখন মুসলমানরা কঠিন পরীক্ষার মুখে ছিলেন, আর এই সুরায় ঈমান, ধৈর্য ও অহংকারের পরিণতি নিয়ে একের পর এক শিক্ষণীয় ঘটনা এসেছে। সমাপনী আয়াতে এসে আল্লাহ জানিয়ে দেন, এত ঘটনার সারকথা হলো খাঁটি নিয়তে সৎ আমল।
শানে নুজুল
প্রথমটি ইমাম হাকেমের মুস্তাদরাক গ্রন্থে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। এক মুসলমান আল্লাহর পথে জিহাদ করতেন, কিন্তু মনে মনে চাইতেন তার বীরত্ব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। তার প্রসঙ্গেই আয়াতটি নাজিল হয়। এ থেকে বোঝা যায়, এমন নিয়তে সওয়াব নষ্ট হয়ে যেতে পারে।
দ্বিতীয়টি ইবনে আবী হাতেম ও ইবনে আবিদ দুনিয়া তার ‘ইখলাস’ গ্রন্থে তাউস রহ. থেকে বর্ণনা করেছেন। এক সাহাবি রাসুল সা.-কে বললেন, ইবাদতের সময় তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিই থাকে, তবু মনে চাওয়া জাগে মানুষ কাজটি দেখুক। রাসুল সা. কিছুক্ষণ চুপ থাকলেন, তখন আয়াতটি নাজিল হয়।
আজ সোশ্যাল মিডিয়ার যুগে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। দান, ওমরাহ বা ইফতারের ছবি পোস্ট করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করা দরকার, কাজটা কার জন্য? অবশ্য ভালো কাজের কথা প্রকাশ করা সব সময় নিষিদ্ধ নয়, আসল বিষয় হলো অন্তরের উদ্দেশ্য।
সাহাবির অনুভূতির কথা শুনেও তাই আমরা শিখি, ভালো মানুষও এই দুর্বলতায় পড়তে পারে। সমাধান হলো নিয়ত বারবার শুধরে নেওয়া, আর গোপনে কিছু আমল রাখা।
লেখক: আলেম ও সাংবাদিক
আরও পড়ুন
২১ অক্টোবর ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম
অক্টোবর মাসের নামাজের সময়সূচির ছবি
-->প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন ‘নামাজ’। (বুখারি, ৫২৭)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)
আজ ২১ অক্টোবর ২০২৬ বুধবার।ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি:
☀ জোহর: ১১:৪৬ মিনিট
⛅ আসর: ৩:৫০ মিনিট
🌅 মাগরিব: ৫:৩০ মিনিট
🌌 এশা: ৬:৪৫ মিনিট
🌅 ফজর (২২ অক্টোবর): ৪:৪৫ মিনিট
বিভাগীয় শহরের সময় সমন্বয়:
বিয়োগ: চট্টগ্রাম ৫ মিনিট | সিলেট ৬ মিনিট
যোগ: খুলনা ৩ মিনিট | রাজশাহী ৭ মিনিট | রংপুর ৮ মিনিট | বরিশাল ১ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন
আরও পড়ুন
জিন জাতির মধ্যে কি কোনো নবি-রাসুল ছিলেন?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
-->জিন জাতি নিয়ে আমাদের মনে জমে থাকে হাজারো কৌতূহল। অদৃশ্য এই সৃষ্টি সম্পর্কে কোরআনেও রয়েছে বিশেষ আলোচনা। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই মনে উঁকি দেয়, মানুষের মতো কি জিনদের মধ্যেও কোনো নবি বা রাসুল প্রেরিত হয়েছিলেন? আর জিনদের মধ্যে কি নর-নারীর পার্থক্য রয়েছে? চলুন, সঠিক উত্তর জেনে নিই।
প্রশ্ন: জিন জাতির মধ্যে আল্লাহতায়ালা কি কোনো নবি-রাসুল প্রেরণ করেছেন? আর জিনদের মধ্যে কি নর ও নারী উভয়ই বিদ্যমান?
উত্তর: ইসলামি শিক্ষা অনুযায়ী স্পষ্টভাবে জানা যায়, জিন জাতির মধ্য থেকে আল্লাহতায়ালা কোনো নবি বা রাসুল প্রেরণ করেননি। নবি ও রাসুল প্রেরণের এই সম্মান একমাত্র মানবজাতিকেই দেওয়া হয়েছে।
তবে এর অর্থ এই নয় যে, জিন জাতি আল্লাহর বিধান থেকে মুক্ত। বরং তাদের ওপরও শরিয়তের বিধান পুরোপুরি প্রযোজ্য। এ জন্য আল্লাহতায়ালা এক অভিনব ব্যবস্থা করেছেন, মানুষ ও জিন উভয় জাতির হেদায়াতের দায়িত্ব দিয়েছেন মানুষের মধ্য থেকে প্রেরিত নবিদের ওপর। অর্থাৎ মানবজাতির নবিরাই জিন জাতির জন্যও পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, জিন জাতির মধ্যেও মানুষের মতোই নর ও নারী উভয় শ্রেণি বিদ্যমান এবং তাদের মধ্যে সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়াও রয়েছে। অর্থাৎ জিন জাতিও মানুষের মতোই একটি পূর্ণাঙ্গ সৃষ্টি, যাদের রয়েছে নিজস্ব বংশবিস্তারের ধারা।
এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহতায়ালার সৃষ্টিজগৎ কতটা বিস্তৃত ও বৈচিত্র্যময়। দৃশ্যমান মানুষ ছাড়াও অদৃশ্য জগতে রয়েছে আরেকটি সৃষ্টি, যারা আল্লাহর হুকুম-আহকামের অধীন এবং যাদের হেদায়াতের জন্যও রয়েছে সুনির্দিষ্ট ব্যবস্থা, যা আল্লাহর অসীম কুদরত ও ইনসাফের এক অনন্য নিদর্শন।
(আকামুল মারজান ফি আহকামিল জান্ন-৪৮)
লেখক: আলেম ও সাংবাদিক
আরও পড়ুন
ইসলাম কি সম্প্রীতির বিরোধী?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->বিষয়টি ভুলভাবে বুঝলে মনে হতে পারে, ইসলাম ভিন্ন ধর্মের প্রতিবেশীর সঙ্গে দূরত্ব তৈরি করতে চায়। কিন্তু কোরআন ও রাসুল (সা.)-এর জীবন তা বলে না। ইসলামের শিক্ষা হলো নিজের বিশ্বাসে অটল থাকা এবং সবার সঙ্গে ন্যায় ও সদাচরণ করা।
কোরআন কী বলে?
১. ভিন্ন ধর্মের শান্তিপ্রিয় মানুষের প্রতি সদাচরণ
দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। (সূরা আল-মুমতাহিনা, ৮)
২. অন্যের বিশ্বাসকে অসম্মান না করা
আল্লাহ ছাড়া তারা যাদের ডাকে, তাদের তোমরা গালি দিয়ো না। (সুরা আল-আনআম, ১০৮)। অন্য ধর্মের বিশ্বাস ও প্রতীকের প্রতি অশ্রদ্ধা দেখানো ইসলামসম্মত নয়।
৩. ধর্মে জবরদস্তি নেই
দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। (সুরা আল-বাকারা, ২৫৬)
৪. শত্রুতার মধ্যেও ন্যায়বিচার
কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। (সুরা আল-মায়িদা, ৮)
৫. প্রতিবেশীর অধিকার
সুরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতে নিকট ও দূরের প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারের নির্দেশ এসেছে। এতে প্রতিবেশীর ধর্ম বা পরিচয়ের কোনো শর্ত নেই।
রাসুল (সা.)-এর জীবনে সম্প্রীতির দৃষ্টান্ত তার মদিনা সনদে অনন্য ভাবে উল্লেখ করেছেন: মদিনায় মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীকে নিয়ে একটি যৌথ সামাজিক চুক্তি করা হয়েছিল। এতে সবার নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা হয়। নাজরানের খ্রিষ্টানদের সঙ্গে চুক্তিতে তাদের জানমাল ও উপাসনার স্বাধীনতার নিরাপত্তা দেওয়া হয়। আর প্রতিবেশীর অধিকার আদায়ে রাসুল (সা.) বলেছেন, জিবরাইল (আ.) প্রতিবেশীর অধিকার নিয়ে এত বেশি তাগিদ দিতেন যে তার মনে হয়েছিল প্রতিবেশীকে উত্তরাধিকারীই করে দেওয়া হবে। (বুখারি,৬০১৪)
নীতিগত অবস্থান ও বিদ্বেষ এক জিনিস নয়
ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানে অংশ না নেওয়া উত্তম। এটি নিজের বিশ্বাসের প্রতি আনুগত্যের প্রমাণ। কোরআনের ভাষায়, তোমাদের জন্য তোমাদের দ্বীন, আমার জন্য আমার দ্বীন। (সুরা আল-কাফিরূন, ৬)। প্রতিটি ধর্মের অনুসারীরই নিজ বিশ্বাস অনুযায়ী চলার অধিকার আছে। একে সম্মান করাই প্রকৃত সহাবস্থান। আচারে অংশ না নিয়েও প্রতিবেশীর প্রতি সদাচরণ, ন্যায়বিচার ও সহযোগিতা পুরোপুরি সম্ভব।
সম্প্রীতি জোরদার করার বৈধ ও কার্যকর পথ
মুসলিম ব্যক্তি সংগঠন ও ধর্মীয় আচারে যুক্ত না হয়েও সম্প্রীতি মজবুত করতে পারে। মানবিক সহায়তা করা যেমন: অসুস্থতা, দুর্যোগ, দুর্ঘটনা বা দারিদ্র্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানো। তাদের উৎসবের সময় এলাকায় শান্তি বজায় রাখা এবং কেউ যেন হামলা বা উসকানির শিকার না হয় তা নিশ্চিত করা। এটি নাগরিক ও নৈতিক দায়িত্ব। ভদ্র ও সৌজন্যমূলক আচরণ, যা আকিদার বিরোধী নয়। যৌথ সমাজকল্যাণ প্রকল্পে রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিবির বা শিক্ষা কার্যক্রমে সবাইকে নিয়ে কাজ করা।
ইসলাম বিশ্বাসে দৃঢ় থাকতে শেখায়, আবার আচরণে উদার হতে বলে। মুসলিমের পরিচয় শুধু ইবাদতে নয়, প্রতিবেশীর নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিকতার মধ্য দিয়েও ফুটে ওঠে। সম্প্রীতির এই পথই ইসলামের সুমহান আদর্শের বাস্তব প্রতিফলন।
লেখক: আলেম ও সাংবাদিক
আরও পড়ুন
পূজার জন্য চাঁদা তোলা কি মুসলিম যুবকদের সামাজিক দায়িত্ব?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত
-->এলাকার কয়েকজন যুবক মিলে গড়ে তোলা সামাজিক সংগঠনগুলো সাধারণত শীতবস্ত্র বিতরণ, রক্তদান, বন্যাত্রাণ ও শিক্ষা সহায়তার মতো কাজ করে। উৎসবের মৌসুমে অনেক সময় তাদের সামনে একটি প্রশ্ন আসে: বিভিন্ন পূজামণ্ডপের জন্য চাঁদা তোলা, চাঁদা দেওয়া কিংবা এ কাজে সহযোগিতা করা কি শরিয়তসম্মত?
উত্তরের শুরুতেই একটি প্রশ্ন জরুরি: সংগঠনের সদস্যরা কোন ধর্মের অনুসারী? কারণ বিধান নির্ভর করে করছেন কে এবং কী উদ্দেশ্যে, তার ওপর।
১. মুসলিমদের জন্য মূল বিধান
প্রচলিত ও প্রধান ফিকহি মতে, মুসলিমের জন্য অন্য ধর্মের উপাসনা বা ধর্মীয় আচারের খরচ বহন করা, সেজন্য চাঁদা সংগ্রহ করা বা চাঁদা দেওয়া বৈধ নয়। এর পেছনে কয়েকটি মৌলিক নীতি কাজ করে।
ক. ধর্মীয় স্বাতন্ত্র্যের নীতি। কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য তোমাদের দ্বীন, আমার জন্য আমার দ্বীন। (সুরা আল-কাফিরুন,৬)। এই আয়াত প্রত্যেকের ধর্মপালনের স্বাধীনতা স্বীকার করে, আবার নিজের বিশ্বাসের সীমানাও স্পষ্ট করে। অন্যের উপাসনার আয়োজনে অংশ নেওয়া এই সীমানা অস্পষ্ট করে দেয়।
খ. পাপের কাজে সহযোগিতা নিষেধ। আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। (সুরা আল-মায়িদা,২)। ইসলামের তাওহিদি বিশ্বাস অনুযায়ী মূর্তিপূজা শিরক। তাই এর আয়োজনে অর্থ দিয়ে সহায়তা করা এই আয়াতের নিষেধের আওতায় পড়ে বলে ফকিহগণ মনে করেন।
গ. ইমানের সুরক্ষা। অন্য ধর্মের উৎসবে আর্থিক অংশগ্রহণ থেকে আকিদাগত বিভ্রান্তির আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে আলেমগণ এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
২. যদি সংগঠনে অমুসলিম সদস্য থাকেন
সংগঠনে হিন্দু ধর্মাবলম্বী সদস্য থাকলে তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য নিজ সম্প্রদায়ের মধ্যে চাঁদা তুলতে পারেন। এটি তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ, যা ইসলাম স্বীকৃতি দেয়। কোরআন বলছে, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। (সুরা আল-বাকারা, ২৫৬)। তবে শর্ত হলো: মুসলিম সদস্যরা এই চাঁদা সংগ্রহে বা আদায়ে অংশ নেবেন না। চাঁদা দাতারা হবেন অমুসলিম সম্প্রদায়ের লোক। এই কাজ মুসলিমদের সামাজিক সংগঠনের তহবিল বা নামের সঙ্গে মিশে যাবে না।
মুসলিমদের জন্য পূজার চাঁদা তোলা বা দেওয়া প্রধান ফিকহি মতে জায়েজ নয়। অমুসলিম সদস্যরা নিজেদের সম্প্রদায়ের মধ্যে এটি করতে পারেন। অন্যদিকে সাধারণ মানবিক ও সামাজিক সহযোগিতায় কোনো বাধা নেই, বরং তা উৎসাহিত। নিজের বিশ্বাসে অটল থেকে প্রতিবেশীর প্রতি ন্যায় ও সদাচরণ বজায় রাখাই ইসলামের শিক্ষা।
