দেশের পান রপ্তানি খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি, রপ্তানিতে অযথা কালক্ষেপণ এবং চাঁদাবাজির মাধ্যমে ব্যয় বাড়ানোসহ বিভিন্ন অভিযোগে ‘বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির’ বাণিজ্য সংগঠন হিসেবে মর্যাদা বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সংগঠনটির কোনো কার্যক্রম আর চলমান থাকবে না বলেও জানানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ৬(১) এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(২) অনুযায়ী বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতিকে সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। সুপ্ত ঘোষণা করার কারণে সংগঠনটির কোনো কার্যক্রম চলমান থাকবে না।
চিঠিতে সংগঠনটির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, এর কার্যক্রম দেশের পান রপ্তানি খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে পান রপ্তানি কমছে এবং রপ্তানির সময় অযথা কালক্ষেপণ হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে চাঁদাবাজির কারণে রপ্তানি ব্যয় বাড়ছে। এতে পানচাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং পান রপ্তানির বাজার সংকুচিত হচ্ছে।
আরও বলা হয়, যে উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, তার বিপরীতমুখী কার্যক্রম পরিচালনা করছে এটি। পাশাপাশি বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করেনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের অনুলিপি বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, কাস্টমস কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
