স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ঘিরে হবিগঞ্জে সীমান্তবর্তী ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন অধিনায়ক। তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেন।
বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে একটি পূজামণ্ডপসহ মোট ৬৪টি মণ্ডপে নিরাপত্তা দিচ্ছেন বিজিবি সদস্যরা। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। নিয়মিত সীমান্ত পাহারার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করছেন তাঁরা।
এদিকে, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধেও সক্রিয় রয়েছে ৫৫ বিজিবি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিভিন্ন অভিযান পরিচালনা করে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ জন আসামিসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করেছে ব্যাটালিয়নটি। সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান অব্যাহত রয়েছে।
