যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে এবং হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন, শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান তন্ময় ও সহসভাপতি মিনহাজুল আবেদিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ফয়সাল হাসানের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মিছিল শেষে শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে নেতাকর্মীরা মনিহার মোড়ের দিকে অগ্রসর হলে কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন সেখানে গিয়ে তাঁদের সাথে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে যশোর সরকারি সিটি কলেজের প্রধান ফটকে ফয়সাল হাসান ছুরিকাঘাতের শিকার হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে অংকন (২৪) নামের এক যুবক তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অভিযুক্ত অংকন যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জেএইচআর
