Published on
:
1 min read
স্কুলে যেতে ইচ্ছে করছিল না। তাই ছুটি পেতে স্কুলে বোমা রাখার ভুয়ো খবর রটিয়েছিল এক ছাত্রী। ইমেল করে লিখেছিল, ‘বিল্ডিংয়ে বোমা আছে।’ তাতে যথারীতি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করেন। পরে তদন্তে নেমে অবশেষে সেই ছাত্রীকে পাকড়াও করল পুলিশ।
গত ২৩ অক্টোবর দিল্লির লোধি রোডের একটি স্কুলে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ইমেল করে স্কুলে বোমা রাখার ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। এই ঘটনারই তদন্তে নামে দক্ষিণ জেলার সাইবার থানা। দেখা যায়, বাইরের কেউ নন, স্কুলেরই এক ছাত্রী এই ইমেল পাঠিয়েছিল। নাবালিকার বিরুদ্ধে ইতিমধ্যেই জুভেনাইল জাস্টিস আইনে পদক্ষেপ করা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর একমাত্র উদ্দেশ্য ছিল সে দিন স্কুলে না যাওয়া। তার ক্লাস করতে ইচ্ছে করছিল না। সেই কারণেই সে বোমাতঙ্ক ছড়িয়েছে।
সম্প্রতি দিল্লির বেশ কয়েকটি স্কুলে একই ভাবে বোমাতঙ্ক ছড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ইমেল করে স্কুলে বোমা রাখার ভুয়ো খবর দেওয়া হয়। শুক্রবার সকালেও দিল্লির লোধি এস্টেটের সর্দার প্যাটেল বিদ্যালয়, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং ময়ূর বিহারের সালোয়ান পাবলিক স্কুলেও বোমাতঙ্ক ছড়ায়। হুমকি বার্তা পাওয়ার পরে স্কুলগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান চালান কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। কিন্তু তল্লাশি অভিযানে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
