গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ, কৃত্রিম সংকট তৈরি ও সংযোগ ব্যবহারে গুরুতর অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক এনামুল হক।
অভিযান সূত্রে জানা যায়, ক্যাপটিভ ও সিএনজি সংযোগের অপব্যবহার এবং নিয়মবহির্ভূতভাবে লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে এই অভিযান চালানো হয়। তদন্তকালে তিতাস গ্যাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ছয়টি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর মধ্যে ‘রিয়াজ ফিলিং স্টেশন’-এ গোপনে ক্যাপটিভ ও সিএনজি সংযোগ একই ক্যাটাগরিতে দেখিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন এবং সুশল সিএনজি স্টেশনকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
দুদকের সহকারী পরিচালক এনামুল হক জানান, গ্যাস খাতের দুর্নীতি ও অনিয়ম বন্ধে এ ধরনের যৌথ তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
