খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার লুৎফর শেখের পুত্র।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রোববার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন বিশাল। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিশালের বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার নেপথ্যের কারণ এখনো স্পষ্ট নয়। তবে কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, অপরাধীদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি টিম যৌথভাবে কাজ করছে।
