নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রভাবের মধ্যে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যশোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের প্রাণকেন্দ্র বড়বাজার, এইচ এম এম রোড ও কাপুড়িয়া পট্টিসহ আশপাশের বাণিজ্যিক এলাকায় ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। এ সময় যশোর জেলা, নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিতরণকৃত লিফলেটে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, আলু, চিনি, মাছ, মাংস ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের একটি বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা হয়। এতে ২০২৪ ও ২০২৫ সালের দামের সঙ্গে বর্তমান বাজারদরের তুলনা করে বেশ কিছু পণ্যের দাম হ্রাস পাওয়া এবং কিছু পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল থাকার তথ্য উল্লেখ করা হয়।
এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমানো, সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহ এবং ওএমএস ও টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিতরণে সরকারের নানা সাফল্যের কথা লিফলেটে তুলে ধরা হয়। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপ ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যও এতে অন্তর্ভুক্ত ছিল।
নেতৃবৃন্দ জানান, লিফলেটের মূল উদ্দেশ্য ছিল সরকারের কার্যকর বাজার ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ও সচেতনতা তৈরি করা।
