আখাউড়ায় এক কৃষকের লাউখেতের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক মমিনুল ইসলাম মনিরের। গত শুক্রবার রাতে সিলেট-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ধরখার ইউনিয়নের চতুরা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির জানান, তিনি সিলেট-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ৩০ শতক জমিতে উচ্চফলনশীল জাতের দুই শতাধিক লাউয়ের চারা রোপণ করেছিলেন। বাগান তৈরিতে তার খরচ হয়েছিল প্রায় ৪০ হাজার টাকা। নিবিড় পরিচর্যায় গাছগুলোতে প্রচুর লাউ ধরেছিল এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা বাজারে বিক্রির উপযোগী হতো। সবকিছু ঠিক থাকলে বাগান থেকে অন্তত দেড় লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল তার। কিন্তু শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় পরিশ্রম মুহূর্তেই মাটি হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সাবেক ইউপি সদস্যের ছেলে শাহরিয়ার খন্দকার কয়েকদিন আগে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর পরপরই বাগানের সব গাছ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা করবেন বলে জানান।
এ বিষয়ে ওসি জাবেদ উল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।