ল্যান্ডস্ক্যাপিং বিলাসিতা নয়, বরং গ্রামের বাড়ির সৌন্দর্য এবং শান্তি বহুগুণ বাড়িয়ে তুলতে পারে একটি পরিকল্পিত ল্যান্ডস্ক্যাপিং বা বাগান পরিকল্পনা। শহুরের কৃত্রিমতা পরিহার করে গ্রামীণ প্রকৃতির সাথে মিল রেখে ল্যান্ডস্ক্যাপিং করলে বাড়ির পরিবেশ দারুণ হয়ে ওঠে।
গ্রামের বাড়ির ল্যান্ডস্ক্যাপিং করার জন্য কিছু চমৎকার ও কার্যকর আইডিয়া নিচে দেওয়া হলো:
১. প্রবেশপথ ও সীমানা প্রাচীর (Entrance & Border) :
- ফুলের তোরণ: বাড়ির মূল গেটে মাধবীলতা, বাগানবিলাস বা ঝুমকো লতার মতো লতানো ফুলের তোরণ তৈরি করতে পারেন।
- সবুজ বেড়া: ইটের দেয়াল না দিয়ে বাশের বেড়া দিয়ে তার বাইরে বড় আকৃতির শোভাবর্ধনকারী গাছ লাগাতে পারেন, যেমন, কৃষ্ণচূড়া, পলাশ, শিমূল, বকুল, ছাতিম, কাঠালি চাপা, ইত্যাদি গাছের প্রাকৃতিক সবুজ সীমানা প্রাচীর তৈরি করতে পারেন।
- হাঁটার পথ (Walkway): গেট থেকে মূল ঘর পর্যন্ত আকা বাকা করে ইটের সোলিং, খোয়া বা বিছানো পাথর (Pebbles) দিয়ে একটি সুন্দর রাস্তা তৈরি করুন। এর দুই পাশে ঘাস এবং ছোট ছোট ফুল গাছ যেমন, নয়ন তারা, পর্তুলেকা, কসমস, রুয়েলিয়া, গাদা ইত্যাদি গাছ লাগানো যেতে পারে।
- মূল বাড়ির বারান্দার উপর (লতানো) অপরাজিতা লাগাতে পারেন এবং মূল ঘরে উঠার সিড়ির দু'পাশে জবা, গোলাপ, টেকোমা, নাগ চম্পা, দোপাটি, স্থল পদ্ম ইত্যাদি ফুল লাগাতে পারেন।
২. উঠানের বিন্যাস (Courtyard Design)সবুজ লন: বাড়ির সামনের বড় উঠানে সবুজ ঘাস (যেমন- কার্পেট গ্রাস) লাগিয়ে একটি সুন্দর লন তৈরি করুন।আড্ডাখানা বা বসার জায়গা: উঠানের এক কোণে চারপাশ খোলা একটি বাঁশ বা কাঠের মাচা, ছাউনি (Gazebo) অথবা গোল টেবিল ও বসার চেয়ার বানাতে পারেন।
কিছু সুগন্ধি ফুল যেমন, হাসনা হেনা, বেলি, কামিনী, চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, জুই, দোলোন চাপা, ইত্যাদি গাছ সেখানে লাগাতে পারেন, বিকেলে বা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য এটি দারুণ জায়গা হবে।
৩. ফল ও ঔষধি বাগান: উঠানের একপাশে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, মাল্টার মতো ফলের গাছ এবং অন্যপাশে তুলসী, পুদিনা, অ্যালোভেরার মতো ঔষধি গাছ লাগাতে পারেন।
৪. পুকুর বা জলাশয়ের চারপাশ সাজানো (Pond Landscaping): আপনার বাড়িতে যদি পুকুর বা ডোবা থাকে, তবে সেটিকে ল্যান্ডস্ক্যাপিংয়ের মূল আকর্ষণ বানাতে পারেন:
- ঘাটলা তৈরি: পুকুরে নামার জন্য সুন্দর একটি বাঁধানো ঘাট বা কাঠের সানবাঁধানো ঘাট তৈরি করুন।
- জলজ উদ্ভিদ: পুকুরের একপাশে শাপলা বা পদ্ম ফুলের চাষ করতে পারেন।
- পুকুরপাড়ের গাছ: পুকুরপাড়ে নারকেল, সুপারি, হিজল গাছ লাগালে তা দেখতে দারুণ লাগে এবং মাটির ক্ষয় রোধ করে।
৫. সবজি বাগান (Kitchen Garden): গ্রামের বাড়ির ল্যান্ডস্ক্যাপিংয়ে একটি পরিকল্পিত সবজি বাগান বা কিচেন গার্ডেন থাকা অপরিহার্য।
- বাড়ির পেছনে বা রোদেলা জায়গায় লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ, বেগুন ও লাল শাকের মতো খাঁটি সবজি চাষের জন্য নির্দিষ্ট জোন তৈরি করুন।সবজি বাগানকে সুন্দর দেখাতে বাঁশের ছোট চটা দিয়ে চারপাশে ঘেরা দিতে পারেন।
৬. আলোকসজ্জা (Lighting): রাতের বেলায় বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ।
- সোলার লাইট: গ্রামের বাড়ির জন্য সবচেয়ে ভালো অপশন হলো সোলার লাইট। দিনের আলোতে চার্জ হবে এবং রাতে বাগানের পথ বা বসার জায়গা আলোকিত করবে।
★ উষ্ণ আলো: গাছের ডালে বা বসার জায়গায় হালকা হলুদ (Warm Light) বা মরিচ বাতি জড়ালে এক মায়াবী পরিবেশ তৈরি হয়।
৭. বাঁশ ঝাড় (Bamboo Garden) : বাড়ির এক কোনায় বাঁশ গাছ লাগাবেন, বাঁশ আপনার বাড়ির পরিবেশকে ঠান্ডা রাখবে। এছাড়াও জোৎস্না রাতে বাঁশ গাছের দিকে তাকালে ছোট বেলার সেই কবিতার কথা মনে পড়ে যাবে -
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?
ল্যান্ডস্কেপিং বা প্রাকৃতিক দৃশ্যের আদলে বাগান নকশার পরিকল্পনা বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে।
এর মধ্যে প্রধান কারণগুলো হল:
সৌন্দর্যবর্ধন: ল্যান্ডস্কেপিং বাড়ি বা জায়গার সৌন্দর্য বাড়ায়। সঠিকভাবে পরিকল্পিত এবং সজ্জিত বাগান, গাছপালা, ফুল ইত্যাদি জায়গাকে আরও আকর্ষণীয় করে তোলে।
পরিবেশগত সুবিধা: গাছপালা এবং সবুজায়ন পরিবেশের জন্য কতটা ভালো সে নিশ্চয়ইআর কাউকে বলে বুঝানোর প্রয়োজন নেই। এটি বাতাসের গুণগত মান বাড়ায়, তাপমাত্রা কমায় এবং বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে।
আর্থিক মূল্য বৃদ্ধি: সঠিকভাবে ল্যান্ডস্কেপ করা জায়গা বা বাড়ির মূল্য বাড়ায়। এটি সম্পদের বাজার মূল্যকে অনেকটাই বৃদ্ধি করতে পারে।
আরাম ও স্বস্তিদায়ক: সুন্দর এবং সবুজ পরিবেশ মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। একটি পরিকল্পিত ল্যান্ডস্কেপিং পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য মনোরোম পরিবেশ তৈরি করে।
প্রাকৃতিক পরিবেশে ভূমিকা : ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি এবং অন্যান্য বন্যপ্রাণীদের জন্য আবাসস্থল তৈরি করা যায় যা পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়াও, ল্যান্ডস্কেপিং আপনার জায়গাকে সঠিকভাবে ব্যবহার করতে এবং বিভিন্ন ফাংশনাল স্পেস তৈরি করতেও যথেষ্ট সহায়তা করতে পারে। তাই ল্যান্ডস্কেপিং এর মাধ্যমে আপনিও অংশ নিতে পারেন পরিবেশ রক্ষায়।
সূত্র : Landscaping & Gardening by Green Savers, Permaculture Methods: পারমাকালচার মেথডস
