নেত্রকোণায় চাঞ্চল্যকর ও আলোচিত সাংবাদিক আলিফ হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪) ময়মনসিংহ।
গ্রেপ্তারকৃত আসামির নাম আশিকুর রহমান প্রাঙ্গন (২১)। সে দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারি মোড় বাসায় বসবাসকারী মো. শাহিন মিয়ার ছেলে এবং এ মামলার মূল অভিযুক্ত 'শুটার শামীমে'র ভাগনে।
এসআরবি-১৪ (ময়মনসিংহ)-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান বুধবার (২১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১৪-এর একটি চৌকস দল। অভিযানে সন্দেহভাজন আসামি প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তারকৃত আসামি প্রাঙ্গনকে নেত্রকোণার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আবেদনের শুনানি শেষে বিচারক মো. আলিমুল ইসলাম আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, একই মামলায় পূর্বে গ্রেপ্তার হওয়া অপর আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে সে-ও পুলিশের চার দিনের রিমান্ডে রয়েছে।
জেএইচআর
