কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেল ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, শনিবার সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।’
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।’
