খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
রোজারিও’র এক বিস্ময় বালক বাঁ পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন। সেই বালক একদিন ফুটবলের সম্ভাব্য সব কিছুই নিজের করে নিলেন। বনে গেলেন এ প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। বলছি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির কথা। তিনিই এবার খুঁজে বের করেছেন ভবিষ্যতের ১০ ফুটবল তারকাকে। যারা বদলে দিতে পারেন আগামীর ফুটবল।
ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জনপ্রিয় প্রতিষ্ঠান এডিডাসের একটি প্রচারণার জন্য ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় একমাত্র আর্জেন্টাইন হিসেবে জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা।
নয়টি দেশের সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার রয়েছেন এই তালিকায়। ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় সংস্করণ সম্প্রতি উন্মোচন করেছে এডিডাস। এতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাবের উদীয়মান প্রতিভাদের তুলে ধরা হয়েছে।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছিলেন আরান্দা। বর্তমানে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বোকা জুনিয়র্সের এই তরুণ ফুটবলার।
মেসির বাছাই করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টের জান উজুন এবং তিজুয়ানার গিলবার্তো মোরা। এই প্রচারণায় নারী ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করছেন চেলসির ক্লোয়ি সারউই, ওএল লিওনের জিওভান্না ওয়াকসম্যান এবং হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।
উদীয়মান প্রতিভাদের তুলে ধরার উদ্দেশ্যে বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে এই খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক র্যাঙ্কিং নয়।
খুলনা গেজেট/উউরা
