চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্যের প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন সংগঠনের নেতারা।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁকে বাইরে থেকে আসা কয়েকজনের সহযোগিতা নিতে দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপাচার্যের প্রবেশের পরও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ কাটেনি। তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের পূর্বঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ ও পূর্ণ কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, শিক্ষার্থীরা উপাচার্যের ভবনে তালা দিয়েছেন। এতে উপাচার্য ভবনটির ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের স্থলাভিষিক্ত হন। নিয়োগের দিন রাত থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোও কর্মবিরতিতে যোগ দেয়।
