প্রবাসী বাংলাদেশী ও বিদেশী নাগরিকদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের সুযোগ দিতে দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। ‘পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ড’ নামের এ কার্ড দিয়ে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় অনলাইন কেনাকাটা, পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে অর্থ পরিশোধ ও ভ্রমণ-সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে।
কার্ডটি পূবালী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের আওতায় পরিচালিত মার্কিন ডলারসহ অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রার সঞ্চয়ী ও চলতি হিসাবের সঙ্গে যুক্ত করা যাবে। এর মাধ্যমে গ্রাহকরা অফশোর হিসাবের অর্থ সরাসরি আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কার্ডধারীরা মাস্টারকার্ডের ‘লাউঞ্জকি’ কর্মসূচির আওতায় বছরে তিনবার একজন অতিথিসহ বিনামূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বছরে দুইবার একজন অতিথিসহ এবং দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর লাউঞ্জে সারা বছর একজন অতিথিসহ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
সম্প্রতি কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘প্রবাসী বাংলাদেশী ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে আমরা অফশোর ব্যাংকিং কার্যক্রম আরো শক্তিশালী করতে কাজ করছি। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু হওয়া এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা, সহজ পেমেন্ট ব্যবস্থা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।’ ফলে অফশোর ব্যাংকিং সেবা আরো সহজ ও ব্যবহারবান্ধব হবে বলেও জানান তিনি।
অন্যদিকে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক যোগাযোগ ক্রমেই আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হচ্ছে। ফলে গ্রাহকরাও এমন ব্যাংকিং সেবা চান, যার মাধ্যমে সহজে এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করা যায়। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করতে সহযোগিতার মাধ্যমে আরো সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার প্রতি মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।’
