আজ মহাষষ্ঠী। দেবীর বোধনের দিনেই জেনে নিন কোন কোন রাশির জাতকরা মা দুর্গার অত্যন্ত প্রিয়। দেবীর কৃপা সবসময় এই ৫ রাশির জাতকদের উপর থাকে।

মা দুর্গার প্রিয় রাশিছবি: iStock
আজ আশ্বিন শুক্লা ষষ্ঠী তিথি। মহাষষ্ঠীতে আজ দেবীর বোধন। বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আজ থেকে শুরু শারদীয়া দুর্গাপুজো। এই সময়টা যে কোনও শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই চার দিন, শুভ মুহূর্ত বিচার না করেই যে কোনও শুভ কাজ করা যায়। মনে ভক্তি নিয়ে দেবীর পুজো করলে সব বাধা-বিপত্তি-দুঃখ-কষ্ট দূর হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
জেনে নেওয়া যাক কোন পাঁচ রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। জ্যোতিষ অনুসারে এই পাঁচ রাশির জাতকদের উপর দেবীর আশীর্বাদ থাকে সবসময়।
মেষ রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এরা সব সময় সব কাজেই দেবীর আশীর্বাদ পান। আপনি যদি মেষ রাশির জাতক হন, তাহলে শক্তিরূপিনী দেবী তাঁর শুভ দৃষ্টি সব সময় আপনার উপর রাখেন। দুর্গার আশীর্বাদে শুধু তাঁর পুজোর সময় নয়, সারা বছরই সব কাজ সাফল্য লাভ করার যোগ থাকে মেষ রাশির জাতকদের উপর। এঁদের জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে সব সময়। সন্তান ভাগ্যও সাধারণত খুব ভালো হয় তাঁদের।
আপনি যদি মিথুন রাশির জাতক হন, তাহলে শক্তিরূপিনী মা দুর্গা আপনার উপরে অত্যন্ত প্রীত। দেবীর প্রিয় রাশির জাতকদের মধ্যে অন্যতম মিথুন। দুর্গাপুজোর মধ্যে এই রাশির জাতকদের সৌভাগ্যের দ্বার বিশেষ ভাবে উন্মুক্ত হয়। তাঁরা কঠোর পরিশ্রমী এবং দুর্গার কৃপায় পরিশ্রম ও উদ্যোগের ফল লাভ করেন। দুর্গাপুজো চলাকালীন মিথুন রাশির জাতকদের আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে। দেবীর কৃপায় আর্থিক অবস্থায় উন্নতির যোগ থাকে।
সিংহ রাশির জাতকদের মধ্যে শক্তি ও ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। সিংহের জাতকদের এই শক্তি ও দৃঢ়তার কারণেই তাঁরা মা দুর্গার অত্যন্ত প্রিয়। আপনি সিংহ রাশির জাতক হলে দেবীর আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে রয়েছে। দুর্গার কৃপায় এই রাশির ভাগ্য সচরাচর তাঁদের পক্ষেই থাকে। আর্থিক সমস্যা কখনোই খুব একটা বিপাকে ফেলতে পারে না তাঁদের।
মা দুর্গার প্রিয় রাশিগুলির তালিকায় রয়েছে বৃশ্চিকও। দেবীর কৃপাদৃষ্টি এঁদের উপর সব সময় থাকে। দুর্গাপুজো চলাকালীন ভালো ভাবে মনে ভক্তি নিয়ে দুর্গার পুজো করলে আরও ভালো ফল পেতে পারেন তাঁরা। মা দুর্গা তাঁদের জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দেন। আপনি বৃশ্চিক রাশির জাতক হলে দেবী দুর্গার আশীর্বাদে আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে। ঋণের দায় থেকে মুক্তি পেতে পারেন।
আপনি কুম্ভ রাশির জাতক হলে আনন্দ করুন, আপনার জন্য এই দুর্গা পুজোয় দারুণ কিছু অপেক্ষা করছে। কুম্ভ রাশির জাতকরা মা দুর্গার অত্যন্ত প্রিয়। এঁদের উপর ভবতারিণীর আশীর্বাদ সব সময় থাকে। দুর্গাপুজোর আগে পরে কোনও ভালো খবর পেতে পারেন। দেবীর কৃপায় এঁদের জীবনে পেশাগত সঙ্কট খুব একটা বড় আকার ধারণ করে না। দেবীর আরাধনা করলে খুব সহজেই ফল পেতে পারেন তাঁরা।
