কালবেলা · সাধারণ
ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
২০/১০/২০২৬

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় তার শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার আজমপুর ইউপির বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান জেলার কালিগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের কারী গোলামের ছেলে।
মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শ্বশুর-জামাইয়ের মধ্যে মেয়ে না দেওয়া নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। মঙ্গলবার ভোরের দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল (শ্বশুর) ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে (জামাই) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয় এবং শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে রাখেন।
স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী এনামুল জানান, ভোরের দিকে গ্রামের চায়ের দোকানে বসে বেশ কয়েকজন চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে সবাই এগিয়ে যায়। গিয়ে দেখি তরিকুল হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছেন। ভয়ে কেউ তার কাছে যেতে পারছেন না। অনেক কায়দা কৌশলের পর আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, তরিকুলের মাথায় সমস্যা আছে। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তরিকুলকে আটক করা হয়েছ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ অধিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗