সাইবার হামলার পূর্বলক্ষণ হিসাবে সন্দেহজনক প্রবেশ বৃদ্ধি পাচ্ছে: জাপান পুলিশ
জাপানের পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সাইবার হামলার লক্ষণ হিসাবে বিভিন্ন সিস্টেমে হ্যাকারদের সন্দেহজনক প্রবেশের চেষ্টা এই বছর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সাইবার হামলা চালানোর আগে কম্পিউটার সিস্টেমের দুর্বলতা খোঁজার জন্য হ্যাকারদের করা স্ক্যান শনাক্ত করতে জাতীয় পুলিশ এজেন্সি বিভিন্ন সেন্সর স্থাপন করেছে।
এজেন্সি জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে সেন্সরগুলো প্রতিদিন প্রতিটি আইপি অ্যাড্রেসের জন্য ১৩ হাজার ৬৮৭টি সন্দেহজনক স্ক্যানিং শনাক্ত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশেরও বেশি।
এই বছরের শুরু থেকেই এধরনের অনুনোমোদিতভাবে প্রবেশের চেষ্টা দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করে। এক পর্যায়ে এই সংখ্যা দৈনিক ৭ হাজারের বেশি ছিল এবং ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তা ১০ হাজারের নিচে ছিল।
উৎস আইপি ঠিকানার উপর ভিত্তি করে, যা ডেটা বা উপাত্ত কোথা থেকে আসছে তা নির্দেশ করে, দেশ অনুযায়ী সর্বাধিক সংখ্যক সন্দেহজনক প্রবেশের চেষ্টা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এর পরেই রয়েছে নেদারল্যান্ডস, বুলগেরিয়া, ব্রিটেন এবং জার্মানি।
এজেন্সি জানিয়েছে, এই বছর নেদারল্যান্ডস থেকে সন্দেহজনক প্রবেশের চেষ্টা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
চীন ও রাশিয়া থেকেও সন্দেহজনক প্রবেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে সেই সংখ্যা সীমিত।
এজেন্সি জানায়, হ্যাকাররা সাধারণত একাধিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাইবার হামলা চালায়, ফলে তাদের প্রকৃত অবস্থান অজানা থেকে যায়।
এজেন্সির কর্মকর্তারা বলছেন, অপরাধী গোষ্ঠীগুলো সিস্টেমে দুর্বলতা খুঁজে পেলে সাইবার হামলা জোরদার করে নিতে পারে।