স্পেনের আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ১৫ নভেম্বরের নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছেন কমিউনিটির উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা। একই সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের জন্য একটি স্থায়ী ভবন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে উপস্থিত কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে অ্যাসোসিয়েশনের অস্থায়ী হলরুমে এ মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। সভা সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব মো. দুলাল সাফা।
সভায় নির্বাচন কমিশনের সদস্যরা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক দায়িত্বশীল ব্যক্তিরা, বৃহত্তর অঞ্চলের বিভিন্ন সংগঠনের সভাপতিরা এবং বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে আলোচনা হয়। স্পেনের জাতীয় নির্বাচনের কারণে ১৫ নভেম্বরের নির্ধারিত নির্বাচন পেছানোর বিষয়ে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা পরামর্শ দেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নিজস্ব স্থায়ী ভবন ক্রয়ের বিষয়ে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
আরএফ
