সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন রিয়াদগামী যাত্রীরা। এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে যাওয়ার বিকল্প ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এবং যাদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে গিয়ে দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ সৌদি আরবে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছেন।
অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। বিকল্প হিসেবে মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পাওয়ায় অনেকের উদ্বেগ কিছুটা কমেছে।
যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তির খবর।
তবে এখনো বিকল্প টিকিট পাননি অনেক যাত্রী। বলাকার সামনে অপেক্ষায় থাকা এসব যাত্রীর উদ্বেগ—কবে টিকিট পাবেন এবং কখন সৌদি আরবে পৌঁছাতে পারবেন।
কামাল নামে রিয়াদগামী এক যাত্রী বলেন, মঙ্গলবার তার ছুটি শেষ। তাকে সোমবারই রিয়াদে পৌঁছাতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যা হতে পারে। এ ছাড়া তার ভিসার মেয়াদও মাত্র তিন দিন বাকি। তাই যেকোনো উপায়ে দ্রুত সৌদি আরবে পৌঁছাতে চান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, সরকারের ঘোষণার পর রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি এবং যাদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো বাতিল ফি ছাড়াই পুনরায় ইস্যু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটে যাত্রার সুযোগ পেতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।
বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের সেলস বিভাগের এক কর্মকর্তা জানান, যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে, তাদের পাঠানোর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মদিনায় পৌঁছানোর পর প্রবাসীরা সড়কপথে নিজ নিজ গন্তব্যে যাবেন।
