ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন এবং প্রতি শনিবার এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনার আওতায় দেশের সব তফসিলি ব্যাংককে নিজস্ব স্থাপনা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এ নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনা এবং এর আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে—এমন পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের বোতল অপসারণ বা ধ্বংস করতে হবে।
এ ছাড়া ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। অফিস ভবনের পাশাপাশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে। পাশাপাশি গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভা ও সিটি করপোরেশনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
The post ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ appeared first on ভোরের চেতনা.
