কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্ট থেকে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিপ্লব ইসলাম (২৮) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার নয়মাইল এলাকায় এই অভিযান চালানো হয়। আটক বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন অধিদপ্তরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের এ-ফোর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা। পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে এই চালানটি আটক করা হয়। এ ঘটনায় আটক বিপ্লব ইসলামের বিরুদ্ধে মাদক আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
