Published on
:
2 min read
এই সময়, উলুবেড়িয়া: লক্ষ্মীপুজোর জন্য বিখ্যাত জয়পুর থানার খালনা গ্রাম পঞ্চায়েত এলাকা। লক্ষ্মীর গ্রাম বলে এর খ্যাতি রয়েছে। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে শনিবার থেকেই বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের সমাগম শুরু হয়ে গিয়েছে। এই বছরে বিশেষ আকর্ষণ ছিল ড্রোন শো। আজ, রবিবার এখানে পুজোর দিন প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হবে, এই কথা মাথায় রেখে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার খালনা গ্রামের পাঁচটি পুজো মণ্ডপের উদ্যোক্তারা ডিজে বাজানোর উদ্যোগ নিয়েছিলেন। খবর পেয়ে জয়পুর থানার ওসি অমিতাভ সর্দার ঘটনাস্থলে গিয়ে সেই পাঁচটি ডিজে বন্ধ করে দেন। খালনা গ্রাম পঞ্চায়েত, আমতা দু’নম্বর ব্লক প্রশাসন ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একটি গাইড ম্যাপও প্রকাশ করা হয়েছে।
সব মিলিয়ে, খালনায় আজকের লক্ষ্মী উৎসব ঘিরে পুলিশ ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। উল্লেখ্য, খালনায় আসতে গেলে বাগনান–জয়পুর পথ ধরতে হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা জানান, রবিবার বিকেল থেকেই বাগনান–জয়পুর রাস্তার মহিষগলি এবং সাবগাছতলার কাছে ‘নো এন্ট্রি’ করে দেওয়া হবে। ওই দু’টি জায়গা থেকে প্রতিমা দর্শনার্থীদের হেঁটে যেতে হবে। এছাড়া, প্রায় ১৫০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। অস্থায়ী ভাবে তিনটি পুলিশি সহায়তাকেন্দ্র খোলা হয়েছে।
তবে শুধুমাত্র খালনাই নয়, হাওড়া গ্রামীণের বিভিন্ন গ্রামে লক্ষ্মীপুজো উপলক্ষে সাজো সাজো রব। শ্যামপুর থানার অনন্তপুর মধ্যপাড়া টাউন ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুজো এবার ৩১ বছরে পড়ল। তাঁদের পরিচালনায় বিশেষত্ব হলো ‘হোগলার প্রতিমা।’ প্রায় ৩০ ফুট উঁচু এই প্রতিমা নির্মাণ করেছেন অনুপ ঘোড়ুই। ক্লাবের সম্পাদক স্বপন মাজী জানান, শনিবার থেকে পাঁচদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, শ্যামপুর থানার মধ্যে একমাত্র তাঁরাইএত বিশাল আয়োজন করে লক্ষ্মীপুজো করে থাকেন।
আমতা থানার বাঁকুড়া সরস্বতী মাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুজো এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। ক্লাবের সভাপতি বাবলু পাল জানান, পুজো উপলক্ষে রক্তদান শিবির, ইন্টারক্লাব যোগাসন, অঙ্কন প্রতিযোগিতা ও বিচিত্রানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
বাগনান থানার বাঙালপুর নবজাগরণ ক্লাবের লক্ষ্মীপুজো এবার ২২ বছরে পড়ল। ক্লাবের পক্ষ থেকে পশুপতি মল্লিক বলেন, ‘পরিবেশের কথা মাথায় রেখে আমরা চারাগাছ বিতরণ, ডেঙ্গি সচেতনতায় দুঃস্থদের মধ্যে মশারি বিতরণ করব।’
