হোসেনপুরে পাঁচ মাস পর উদঘাটিত হলো নিখোঁজ আরিফ মিয়া ওরফে সালমান হত্যার রহস্য। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অঙ্গের ৭৭টি হাড়। শনিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ জানায়, গত ১৮ মে সন্ধ্যায় ইলিম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফ (১৯)। দীর্ঘ পাঁচ মাস ছেলের কোনো সন্ধান না পেয়ে গত ১৬ অক্টোবর থানায় মামলা করেন তার বাবা। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িত অভিযোগে সাকিব, মাফি, রফিক ও রমজান মিয়াকে গ্রেপ্তার করা হয়।