ডিজিটাল রূপান্তর ও সেবার মানোন্নয়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) চারটি নতুন অ্যাপ ও ব্যবস্থাপনা সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে উপাচার্যের সভাকক্ষে ‘MyBOU Mobile App’, ‘e-Attendance System’, ‘Employee Smart Attendance System’ এবং ‘Complaint/Services Management System’-এর উদ্বোধন করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপ ও সিস্টেমগুলোর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল রূপান্তর সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। বাউবির নতুন চারটি অ্যাপ ও সিস্টেম এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে বাউবির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, ভৌগোলিক বৈষম্য দূর করে দেশের সব শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার অপরিহার্য। এ লক্ষ্যে ক্যাম্পাস টেলিভিশন চালু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠ দেশব্যাপী সম্প্রচার এবং বাউবির বিদ্যমান অবকাঠামো ও মানবসম্পদকে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ ছাড়া ‘স্টাডি বাংলাদেশ’ পোর্টালের সঙ্গে বাউবিকে যুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ইউজিসি ও বাউবির মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর ও অটোমেশন কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন অ্যাপ ও সিস্টেমগুলো চালু করা হয়েছে। এগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় উন্নয়ন অব্যাহত রাখতে হবে।”
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও কম্পিউটার বিভাগের নিজস্ব জনবল ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে এসব প্রযুক্তিনির্ভর সেবা তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে নেটওয়ার্কের আওতায় আনা এবং সাইবার নিরাপত্তা জোরদারে কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করা হচ্ছে। ডিনস কমিটির মাধ্যমে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জার্নাল পুনঃপ্রকাশ এবং গবেষণা সাময়িকীগুলোর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগও রয়েছে।
বাউবির শিক্ষাদর্শন তুলে ধরে উপাচার্য বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।” পূর্বসূরিদের গৃহীত এই উদ্যোগকে সময়োপযোগী প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আরও সমৃদ্ধ করে বাউবিকে একটি অগ্রণী জাতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের অংশ হিসেবে বাউবির আইসিটি কনসালট্যান্টরা ‘MyBOU Mobile App’ ও ‘e-Attendance System’-এর পরিচিতি এবং সরাসরি প্রদর্শনী (লাইভ ডেমো) উপস্থাপন করেন। একই সঙ্গে ‘Complaint/Services Management System’-এর কার্যপ্রবাহ ও ব্যবহারপদ্ধতি প্রদর্শন করা হয়। কম্পিউটার বিভাগের পরিচালনায় ‘Employee Smart Attendance System’-এর কার্যক্রমও তুলে ধরা হয়।
আইসিটি বিভাগের প্রধান মো. মমিনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট ও কম্পিউটার বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. আহসানুর রহমান এবং পরীক্ষা বিভাগের প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিত পরিচিতি তুলে ধরেন। এ সময় তাঁরা অ্যাপগুলোর ব্যবহারবিধি, কার্যকারিতা ও ব্যবহারকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি মিডিয়া সেন্টারের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর ও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিআলো/শিলি