কালবেলা · আন্তর্জাতিক
মালিতে আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীর হামলায় নিহত ৪৮ বেসামরিক নাগরিক
২০/১০/২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ মালির পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত সপ্তাহে সরকারপন্থি বাহিনীর হাতে সন্দেহভাজন তথ্যদাতাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড চালানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ও স্থানীয় কর্মকর্তারা।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দুই নিরাপত্তা কর্মকর্তা ও দুই স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সপ্তাহান্তে মেনাকা অঞ্চলের অন্তত পাঁচটি এলাকায় এসব হামলা চালানো হয়। মঙ্গলবার পর্যন্ত নিহতের মোট সংখ্যা নির্ধারণের কাজ চলছিল।
সূত্রগুলোর দাবি, ইসলামিক স্টেট সাহেল প্রভিন্সের যোদ্ধারা এ হামলা চালিয়েছে। গত সপ্তাহে ওই অঞ্চলে সরকারপন্থি মিলিশিয়া গোষ্ঠী এমএসএ এবং রাশিয়ার আধাসামরিক বাহিনী আফ্রিকা কর্পসের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অভিযোগ ওঠে। এর জেরেই প্রতিশোধমূলক হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার আফ্রিকা কর্পস মালির সামরিক সরকারকে সমর্থন দিয়ে থাকে। অন্যদিকে, দেশটির সরকারপন্থি বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে তথ্য দিয়েছে। মালির সরকারের পক্ষ থেকে প্রতিশোধের আশঙ্কা থাকায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗