শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উলাশী পূজামণ্ডপ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উলাশী, বাগআচড়া, কায়বা, পুটখালী ও গোগা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা পূজার সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। উৎসবের আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ও কুদ্দুস আলী বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
The post শার্শায় পূজামণ্ডপ পরিদর্শন ও শাড়ি বিতরণ বিএনপির appeared first on ভোরের চেতনা.
