দশমিনা উপজেলায় তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে প্রায় ১৪ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং একই দিন রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত দুই দফায় তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম দফায় প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়। দ্বিতীয় দফার অভিযানে আরও প্রায় ৪ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে এসব জাল তেতুলিয়া নদীর তীরবর্তী হাজীরাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফেরদৌস জানান, তেতুলিয়া নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার পাশাপাশি সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।
