কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষতা বৃদ্ধির জন্য সাতটি অনলাইন সার্টিফিকেট কোর্স করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। স্নাতক উত্তীর্ণ পড়ুয়া থেকে পেশাজীবী— বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই কোর্সগুলিতে আবেদন করার সুযোগ রয়েছে।
কোন কোন বিষয়ে কোর্স করার সুযোগ রয়েছে?
১। জেনারেটিভ এআই অ্যান্ড এজেন্টিক এআই
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই আট মাসের এগ্জ়িকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সটি চালু করা হয়েছে। বিটেক, এমটেক, বিই, এমই, বিএসসি, এমএসসি, এমসিএ অথবা বিসিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। মূল্য ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
২। অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং
এই আট মাসের কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মৌলিক বিষয় থেকে শুরু করে ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, জেনারেটিভ এআই এবং এআই অ্যাপ্লিকেশন তৈরি ও চালু করার পদ্ধতি শেখানো হবে। বিটেক, এমটেক, বিই, এমই, বিএসসি, এমএসসি, এমসিএ অথবা বিসিএ ডিগ্রিধারীদের অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। খরচ ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
৩। টেকনোলজি অ্যান্ড এআই লিডারশিপ
আইআইটি খড়্গপুরের পার্থ ঘোষ স্কুল অফ লিডারশিপের এই সাত মাসের কোর্সটি মূলত কর্মরত পেশাজীবীদের জন্য। যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। খরচ ২ লক্ষ টাকা।
৪। এআই-নেটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
সফটওয়্যার ডেভেলপমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিখতে আগ্রহী পেশাজীবীদের জন্য এই কোর্স। মোট ৯৬ ঘণ্টার সরাসরি অনলাইন ক্লাস হবে। খরচ ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
৫। অ্যাপ্লায়েড ডেটা সায়েন্স অ্যান্ড এজেন্টিক এআই
ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে এই কোর্সে পড়ানো হবে। অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। খরচ ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
৬। বিল্ডিং এআই প্রোডাক্টস, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস
এআই-ভিত্তিক পণ্য ও পরিষেবা তৈরি করতে আগ্রহী প্রোডাক্ট ম্যানেজার, উদ্যোগপতি এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য এই ছ’মাসের কোর্স। অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। খরচ ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
৭। প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ফিনটেক অ্যান্ড এআই
আইআইটি খড়্গপুরের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টের এই কোর্সে আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়ে পড়ানো হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১০+২+৩ শিক্ষাক্রম অনুযায়ী যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। খরচ ১ লক্ষ ৯০ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীরা আইআইটি খড়্গপুরের অনলাইন প্রোগ্রাম সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য দেখতে পারেন।
