প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কামালখানী গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব, ২ নম্বর উত্তর-পশ্চিম ও ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নে প্রাথমিকভাবে শুমারির কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ফ্যামিলি কার্ড প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে শুমারির তথ্য হতে হবে নির্ভুল ও স্বচ্ছ।
তিনি বলেন, “শুমারির কাজে নিয়োজিত গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রকৃত উপকারভোগীরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শুমারির কাজে ব্যবহারের জন্য ১৫টি ট্যাব সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিয়ে মাঠপর্যায়ে কাজে নিয়োজিত করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহ্বায়ক আলহাজ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহির হোসেন প্রমুখ।
ফ্যামিলি কার্ড শুমারির এ উদ্যোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে প্রত্যাশা—সঠিক তথ্যের ভিত্তিতে প্রকৃত অসচ্ছল পরিবারগুলো চিহ্নিত হবে এবং সরকারি সহায়তা পৌঁছাবে তাদের কাছে, যাঁদের কাছে এই সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।
ক্যাপশন-
