লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লি উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (GRRIIP) আওতায় কুমড়ীরহাট-গোড়ল ইউনিয়ন পরিষদ সড়কের ৩ হাজার ১০০ মিটার থেকে ৪ হাজার ৬৫০ মিটার চেইনেজ অংশের উন্নয়নকাজ শুরু হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটির উন্নয়ন। সড়কটি উন্নত হলে কুমড়ীরহাট থেকে গোড়ল পর্যন্ত যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিতে পারবেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল বলেন, “এই সড়কটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। গ্রামের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই সড়ক নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে। এ উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
