অবাধ ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার মীর শাহে আলমের, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বগুড়ার মোকামতলায় সুধী সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে ছাড় পাওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেবেন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, তাঁদের নির্বাচিত করা হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।
সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই পাঁচ বছর পর বিএনপি আবার জনগণের কাছে ভোট চাইবে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ভোটের সময় বেহেশতের প্রলোভন দেখানো এবং পূজামণ্ডপে যাওয়া নিয়ে রাজনীতি করা হয়। কিন্তু ভোটের মৌসুম শেষ হলে জনগণের খোঁজ নেওয়া হয় না বলে তিনি অভিযোগ করেন। লংমার্চের নামে তেল-গ্যাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, তাদের ভোটের প্রয়োজন ছিল না বলে তারা জনগণের কাছে যায়নি। কিন্তু বিএনপি জনগণের ভোট চায়। তাই দলটি বারবার মানুষের কাছে যাবে, তাঁদের কথা শুনবে এবং পাশে থাকবে।
অনুষ্ঠানে মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং ময়লা পরিবহনের ভ্যানের উদ্বোধন করেন।

