স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসির
মেহেদী হাসান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ক্ষেত্রে প্রশাসনিক কার্যক্রম দ্রুত করার পাশাপাশি আগে দেওয়া যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত অব্যাহতি পুনরায় গ্রহণের বাধ্যবাধকতা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে স্বতন্ত্র পরিচালকের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পাওয়ার শর্ত রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুর কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীর আওতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করা হবে। বিশেষ করে, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি প্রতিবেদন পাওয়ার পর কমিশন সম্মতি দেবে।
এ ছাড়া কোনো তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোডের নির্দিষ্ট বিধান অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, সেই অব্যাহতি ভবিষ্যতে নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো স্বতন্ত্র পরিচালককে আগে কোডের শর্ত ১(৩)(খ) ও ১(৩)(গ)-এ উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত বিধান থেকে অব্যাহতি দেওয়া হলে, তাঁকে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন করে নিয়োগ কিংবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের সময় একই বিষয়ে আবার অব্যাহতি নিতে হবে না। আগে দেওয়া অব্যাহতিই প্রযোজ্য হবে।
বিএসইসির মতে, এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং প্রক্রিয়াটি সহজ করা। মুলত তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করতে করপোরেট গভর্ন্যান্স কোডের আওতায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান রয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নির্ধারিত শর্ত পরিপালনের বিষয়টি নিশ্চিত করাও এ ব্যবস্থার অংশ।


