হাতে রাইফেল, কোমরে পিস্তল আর চোখে সানগ্লাস, এমন ভিন্নধর্মী লুকে দেখা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে। কানাডায় তাঁর এমন ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে বাস্তবে নয়, নতুন সিনেমার চরিত্রেই অস্ত্র হাতে দেখা গেছে এই অভিনেতাকে বলে জানা গেছে।
জায়েদ খান বর্তমানে কানাডায় রয়েছেন। সেখানে নির্মিতব্য বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিংয়ের সময়ই ছবিটি তোলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
কামাল হোসেন বাবর পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। বর্তমানে কানাডায় চলছে ছবিটির শুটিং। যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ খান।
কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে জায়েদ খানের অভিনয়ের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। নতুন এই সিনেমায় তাঁকে অ্যাকশনধর্মী ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
