ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস ওই ধোঁয়ায় পানি ঢেলে তা নিয়ন্ত্রণ করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে পানি ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে আগুন দেখা না গেলেও হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়ার সূত্রপাত সিগারেটের আগুন থেকে হয়ে থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করলেও এর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সেখানে আগুন দেখা যায়নি, তবে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
