মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এ সময় একটি ডাম্প ট্রাকের ধাক্কায় তাঁকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। দুর্ঘটনার পর মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। তিশার আগমন ঘিরে আয়োজকেরা প্রস্তুতি নিয়েছিলেন। তবে দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।
দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। বড় এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানান, দুর্ঘটনায় শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন তিনি। তবে বর্তমানে ভালো আছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর খোঁজখবর নেওয়া ও সুস্থতার জন্য দোয়া করায় ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানান। এদিকে রাত প্রায় ২টার দিকে নিজের বর্তমান অবস্থা জানিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তানজিন তিশা। সেখানে ভক্তদের আশ্বস্ত করে কিছুটা রসিকতার সুরে লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
