মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি। তাদের কর্মকাণ্ড দেখলেই সেটি পরিলক্ষিত হয়। সংগঠনের বাইরে তারা অন্য কাউকে কোনো সহযোগিতাও করেন না।’
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনির পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘শারদীয় দুর্গা পূজা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে বিএনপির দল থেকে নির্দেশনা রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও কাজ করছে। একইসঙ্গে বিভিন্ন ধর্মের মানুষও পূজায় সহযোগিতা করছে। খুব শান্তিপূর্ণভাবে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের এই বড় উৎসব।’
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা যুবদল নেতা মামুন সিকদার ও যুবনেতা শামীম মোল্লাসহ প্রমুখ।
