ওজনে জ্বালানি তেল কম দেওয়া এবং লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য তৈরির দায়ে চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের ‘মায়ের দোয়া বেকারি’ মানসনদের (বিএসটিআই লাইসেন্স) আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করে আসছিল। বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বাবুরহাট এলাকার ‘শারমিন ফিলিং স্টেশন’ পরিমাপ যাচাইকালে দেখা যায়, প্রতি ১০ লিটার তেল বিক্রিতে যথাক্রমে ৩৪০ মিলিলিটার ডিজেল এবং ৪১০ মিলিলিটার অকটেন কম সরবরাহ করা হচ্ছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এ ফিলিং স্টেশনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার এস. এম. শাকিল ইউসুফ।
জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন এবং পরিমাপে কারচুপি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জেএইচআর
