সিরাজগঞ্জের কাজিপুরে কীটনাশক পান করে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তাঁরা কীটনাশক পান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) ও তাঁর মেয়ে কিরণমালা (১৩)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে রাম প্রসাদ ও তাঁর মেয়ে তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান রাম প্রসাদ।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
