বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা প্রশাসন। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ ভোররাতে কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে আরো চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— শরীয়তপুরের জাজিরার সামাদ ফকির (৭০), সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ীর বাসচালক সোহেল রানা (৪০), বাগমারার আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালীর তাছফিয়া খাতুন (৮)।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দ্রুতগতিতে চালানো হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ও পুলিশ সুপার
মোহাম্মদ শরীফুল হক।
