ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবউদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নতুন একটি ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটি থাকায় ঘরের স্টিলের দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
দুর্ঘটনার সময় দুই বোন ঘরের ভেতরে ছিল। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সময় শিশু দুটির মা বাড়ির বাইরে ঘাস কাটতে গিয়েছিলেন। তাদের বাবা শাহাবউদ্দিনও বাড়ির বাইরে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু appeared first on ভোরের চেতনা.
