রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের অন্তত ছয় লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলায় কিয়েভে তিনজন নিহত হয়েছে। একই সঙ্গে উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা স্টারলিংকে গতিসীমা আরোপের কারণে ইউক্রেনের সামরিক অভিযানও ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, টানা দ্বিতীয় রাতের মতো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাতভর ৩৯ ক্ষেপণাস্ত্র ও ১২৮টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র ও ১১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্তনভের দাবি, স্টারলিংক যোগাযোগব্যবস্থায় ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিসীমা আরোপ করায় সম্মুখযুদ্ধে ড্রোন পরিচালনা, রসদ পরিবহন ও অন্যান্য সামরিক অভিযান জটিল হয়ে পড়েছে। এ বিষয়ে আগে থেকে সেনাদের জানানো হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তবে এ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও ইউক্রেনে হামলা অব্যাহত রয়েছে।