প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম
একটা সময় মনে হচ্ছিল, ৩০৫ রানের লক্ষ্য সহজেই পাড়ি দিতে পারবে বাংলাদেশ। পরে একটা সময় পাশার দান উল্টে যায়। হারের শঙ্কায় পড়ে অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে লোয়ার অর্ডারের বীরত্বে রুদ্ধশ্বাস এক টাই বাংলাদেশের।
ওমানের আল আমেরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান যুব দল। জবাবে ৮ উইকেটে ৩০৪ রানই থেমেছে বাংলাদেশ। ম্যাচ হয়েছে টাই।
বাংলাদেশের এই রুদ্ধশ্বাস জয় এসেছে নয় নম্বর ব্যাটার রুবায় ইসলাম রিজনের ব্যাটে। ১৯ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে ১৪ রান নিয়ে ম্যাচ টাই করে বাংলাদেশ।
বড় রান তাড়ায় একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। ৩৫তম ওভারে ৩ উইকেটেই তুলে ফেলেছিল ২২০ রান। ওপেনার আবদুল্লাহ আল মুহি ৪৫ বলে ৫০, জারিফ সিয়াম ২৮ বলে ২২, আলামিন হোসেন রনি ৫৬ বলে খেলেন ৭১ রানের ইনিংস। আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ৫৬ রান।
সেখান থেকে ৪৫ রানে দ্রুত ৪টি উইকেট হারায় বাংলাদেশ। তবে লোয়ার অর্ডারের রিজন হাল ছাড়েননি। শেষ ওভার পর্যন্ত লড়াই করে দলকে এনে দিয়েছেন রুদ্ধশ্বাস এক টাই।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-সবাই রান পেয়েছেন। এর মধ্যে ফিফটি করেছেন দুইজন।
আবিদুল্লাহ নাদারজান ২৩, ফরিদুল্লাহ ইহসাস ৫১, সোবহান জাখাইল ২৭, নোমান সালারজাই ৭৬, হামজা খান করেন ২৯ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা করেন ১১ বলে ২১ রান।
বাংলাদেশের রুবায় ইসলাম রিজন ৪টি আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।