চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভায়াগ্রাসহ বিভিন্ন ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, পুরোনো ল্যাপটপ ও মদজাতীয় পানীয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মতে, যথাযথ সংরক্ষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়া ইনসুলিন পরিবহন করলে ওষুধটির কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া ওষুধের অননুমোদিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
এর আগে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরী ক্রিম’ এবং বিপুল পরিমাণ ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। আন্তর্জাতিক রুটে আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুর রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) সেন্টার ব্যবহার করে এসব পণ্য চট্টগ্রাম জিপিওতে পাঠানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫ দশমিক ৮ কেজি অবৈধ ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি পুরোনো ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং ১৭ লিটার মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং অননুমোদিত ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে কাস্টমস গোয়েন্দাদের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
The post ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর appeared first on ভোরের চেতনা.
