
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
আয়েশা আক্তার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে দুটি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রায় ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারার ক্রমিক ৪ অনুযায়ী দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে অভিযুক্ত দোকানগুলোর বিরুদ্ধে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা নগদে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আখতার নিলয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন ও উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন
